প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
ফেনীর মুহুরীগঞ্জে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লরির সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। আহত একজনসহ নিহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লরি ও বাসটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।