Print

সারাদিন

লংমার্চে নাহিদের স্লোগান, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় তিনি এ কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ সফল হবে। তেল, গ্যাস ও বিদ্যুৎ সরকারকে অবশ্যই সরবরাহ করতে হবে। তা না হলে সরকারকে গদি ছাড়তে বাধ্য হতে হবে।

তিনি বলেন, গণভোটের গণরায় অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

এর আগে সকালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের সামনে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে নাহিদ বলেন, আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লংমার্চের যাত্রা শুরু করেছি।

Nagad
Nagad

নাহিদ ইসলাম বলেন, আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন। এই লংমার্চ কোনো ১১ দলের লংমার্চ নয়। এই লংমার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ।