Print

সারাদিন

ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত জানে না

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্, সেপ্টেম্বর ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কি না, সে বিষয়ে ভারত সরকার কিছু জানে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এমনকি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কেউ ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সে বিষয়েও দিল্লির কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সোয়াল।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর আগে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদির সরকার।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো উদ্বেগ জানিয়েছেন কি না, সে বিষয়েও ভারত অবগত নয় বলে জানান জয়সোয়াল।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সফর নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছে ঢাকা। গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিও জোরালো হয়েছে।

Nagad
Nagad

ব্রিকসের বর্তমান সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।