Print

সারাদিন

ইরান যুদ্ধে জড়িয়ে ‘পাগল রাজা’ উপাধি পেলেন ট্রাম্প

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথিত উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উদ্যোগের সমালোচনা করে তাকে ‘পাগল রাজা’ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স।

স্যান্ডার্সের মতে, হরমুজ প্রণালির নাম পরিবর্তনের উদ্যোগ না নিয়ে ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে উদ্দেশ করে স্যান্ডার্স বলেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।’

স্যান্ডার্সের দাবি, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর ফলে এর অর্থনৈতিক চাপ সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ছে।

ট্রাম্পকে ‘পাগল রাজা’ বলার পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকান উপনিবেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক সামরিক শক্তি ব্যবহার করেছিলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় জর্জ। এ কারণে যুক্তরাষ্ট্রে তিনি ‘ম্যাড কিং’ নামে পরিচিতি পান।

স্যান্ডার্সের বক্তব্যের ইঙ্গিত হলো—যুদ্ধ, হুমকি ও ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে ট্রাম্পের কূটনীতি ও রাজনৈতিক সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত।

Nagad
Nagad

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত ও ১৪২ জন আহত হয়েছেন। ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৪৪ জনের বয়স ১৮ বছরের নিচে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।