প্রকাশিত: ৫:৫৩ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। এতে ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানও প্রতারণার শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।
এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের এই নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে বোঝা যাবে, কোনো ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না। তবে এটি মেটার সাবস্ক্রিপশনভিত্তিক ‘মেটা ভেরিফায়েড’ সেবার থেকে আলাদা। নতুন ব্যবস্থাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
ফ্রিতে ফেসবুক আইডি ভেরিফায়েড করার নিয়ম
নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ভিডিওতে থাকা ব্যক্তির মুখমণ্ডল অ্যাকাউন্টের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হলেই ব্যবহারকারী ভেরিফায়েড ব্যাজ পাওয়ার যোগ্য হবেন।
কারা পাবেন এই ভেরিফায়েড ব্যাজ
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো- ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো রেকর্ড বা ইতিহাস থাকা যাবে না। পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।
কেন চালু করছে ফেসবুক
মেটার মতে, এআইয়ের সাহায্যে এখন সহজেই ভুয়া ছবি-ভিডিও, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। ফেসবুকের নতুন ভেরিফায়েড ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা যার সঙ্গে যোগাযোগ করছেন, তিনি প্রকৃত মানুষ কি না-তা সহজে শনাক্ত করতে পারবেন।
তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি কেবল ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই ভেরিফায়েড ব্যাজ থাকা সত্ত্বেও অনলাইনে কোনো ধরনের লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ধাপে ধাপে চালু হবে সেবা
মেটা জানিয়েছে, ধাপে ধাপে এই ফেসবুক ভেরিফায়েড ব্যাজ চালু করা হবে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি দেশে সেবাটি চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা।