Print

সারাদিন

‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই’

প্রকাশিত: ৬:১৪ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সফরের দিন-তারিখ চূড়ান্ত না হলেও এ নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কথাবার্তা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফরের কোনো সম্ভাবনা নেই।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।’

এদিকে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে কোনো ধরনের চাপ নেই বলেও জানান হুমায়ুন কবির।

Nagad
Nagad

তিনি বলেন, ‘বোয়িং বিমান কিনতে হবে—এমন কোনো চাপ কেউ দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বিমান কেনা হবে।’