প্রকাশিত: ৮:৩৮ অপরাহন, সেপ্টেম্বর ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান।
পরে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টেও এ পরিকল্পনার কথা জানানো হয়।
পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা চমৎকার কাজ করছেন, তাদের কাজের সঠিক স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই সরকারের মূল উদ্দেশ্য।
তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আগে মাত্র ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করা। এ লক্ষ্যেই পুরস্কারের পরিধি বাড়িয়ে সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বাছাই করা ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা
অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজেদের কন্ট্রিবিউশনের বকেয়া অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।