Print

সারাদিন

এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব

প্রকাশিত: ৪:৫৩ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে র‍্যাব। এ ঘটনায় র‍্যাব-১০ ও র‍্যাব-৪ এর পৃথক অভিযানে এজাহারনামীয় আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে সোমবার (৭ সেপ্টেম্বর) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

র‍্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় একটি প্রাইভেটকারের চালক ও তার সহযোগীদের হাতে এসআই আলতাব হোসেন হত্যার শিকার হন। একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করায় তার সঙ্গে হামলাকারীদের বিরোধের সূত্রপাত হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্যারেজের মালিককে মারধরের সময় এসআই আলতাফ হোসেন প্রতিবাদ করেন। এ সময় হামলাকারীদের সঙ্গে তার ও ছেলে আরিফুলের বাগ্‌বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এসআই আলতাব নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এতে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে এসআই আলতাফ তার ছেলের পোশাক কারখানায় আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা সেখানেও গিয়ে আরও ১৫ থেকে ২০ জন সহযোগীকে ডেকে আনে। পরে কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এসআই আলতাফ ও তার ছেলে আরিফুলকে বেধড়ক মারধর করা হয়। একই সময় কারখানার মেশিন ও আসবাবপত্রও ভাঙচুর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব-১০ জানায়, এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। তাদের মধ্যে আপন সাভার থানার তিনটি মাদক মামলার আসামি।

Nagad
Nagad

অন্যদিকে, একই ঘটনায় র‍্যাব-৪ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন- নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহমেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০)।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।