প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৭।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ২৪৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দূষিত শহরের তালিকায় ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৭৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তৃতীয় এবং ১৭০ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হানোই চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় বা মাঝারি। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
এদিকে, আজ সকালে কুচিংয়ের বায়ুমান ২৪৯ একিউআই রেকর্ড করা হয়েছে বলে আইকিউএয়ারের তথ্যেও দেখা গেছে।