প্রকাশিত: ১:১০ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা সরকার তাকে ফিরিয়ে আনুক—তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কোনো কৌশলগত দ্বিধা নেই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ভারতের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে—এমন ধারণা সঠিক নয়। বিষয়টি ভারত সরকারের কাছে শর্ত হিসেবে দেওয়া হয়েছিল এবং এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথাও বলা হয়েছিল।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আপনি আসবেন না, আপনাকে ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’
শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আর আপিলের সুযোগ নেই। ফলে তিনি দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না বলে দাবি করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষ
ভারতে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত অন্তত তিনি যেন এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারেন—ভারত সরকারের কাছ থেকে এমন পদক্ষেপ প্রত্যাশা করেছিল বাংলাদেশ।
তিনি বলেন, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে তাৎক্ষণিক একটি পদক্ষেপ নিতে পারে।
জাহেদ উর রহমানের ভাষ্য, শেখ হাসিনার বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটিও ভারতীয় পক্ষের বোঝা উচিত।
সম্পর্ক উন্নয়নে আস্থার পরিবেশ চান
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত হতে চায়—এমন আস্থা তৈরির মতো পরিবেশ প্রয়োজন। এ ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সার্বিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণকে সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো দ্বৈত অবস্থান নেই। তিনি নিজে দেশে ফিরুন অথবা তাকে ফিরিয়ে আনা হোক—সরকার তাকে দেশে ফেরাতে চায়।