প্রকাশিত: ২:৩৫ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, ট্রেনটি চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং খুব শিগগিরই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘খুব শিগগির আমরা একটা ভালো খবর দিতে পারব, মৈত্রী এক্সপ্রেসের।’ তিনি জানান, ট্রেনটি চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতের গুরুত্ব তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, বিমানযাত্রা এক ধরনের যোগাযোগব্যবস্থা হলেও সাধারণ মানুষ সড়ক ও রেলপথে বেশি যাতায়াত করেন। তাই রেল যোগাযোগ পুনরায় চালু করা গুরুত্বপূর্ণ।সতিনি বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এতে বাণিজ্যিক যোগাযোগও এগিয়ে যাচ্ছে। সড়ক, রেল ও নৌপথে দুই দেশের যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ট্রেন, সড়ক ও স্থলবন্দর নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কীভাবে এটি পুনরায় চালু করা যায়, সে বিষয়ে দুই পক্ষ ইতিবাচকভাবে আলোচনা করছে।
এদিকে, দুই দেশের রেল কর্তৃপক্ষের দুই দিনের বৈঠকও মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। বৈঠকে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অক্টোবরের মধ্যে এসব আন্তদেশীয় ট্রেন চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে।
তবে মৈত্রী এক্সপ্রেস ঠিক কোন তারিখে চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারতীয় হাইকমিশনারের বক্তব্য অনুযায়ী, খুব শিগগিরই এ বিষয়ে নির্দিষ্ট তারিখ জানানো হতে পারে।