প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্, সেপ্টেম্বর ১০, ২০২৬
সারাদিন ডেস্ক
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের এবং জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে আবেদনকারী শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হবে।
কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেল
নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৯০৬ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন। দিনাজপুর বোর্ডে পেয়েছে ২৭৫ জন।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২০৭ জন, যশোরে ১৮২ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৮৩ জন এবং রাজশাহীতে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন শিক্ষার্থী।
ফেল থেকে পাস
ফেল থেকে পাসের সংখ্যায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।
দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন এবং যশোর বোর্ডে ৩৮০ জন ফেল থেকে পাস করেছে।
এ ছাড়া ঢাকা বোর্ডে ৩৩৭ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, সিলেটে ১৮৬ জন, রাজশাহীতে ১১১ জন এবং বরিশালে ৭৯ জন ফেল থেকে পাস করেছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৬৬৪ জন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল।
ফল জানা যাবে যেভাবে
পুনর্নিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখা যাবে।
দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে দেখা যাবে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করা যাবে। তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।