Print

সারাদিন

‘হরমুজ এখন ট্রাম্প প্রণালি’

প্রকাশিত: ৯:২৭ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে দাবি করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয় পেতে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে। যুদ্ধ এখন চলছে এবং এতে যুক্তরাষ্ট্রই জয়ী হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, এখন থেকে এই জলপথকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা উচিত। এ সময় তিনি রসিকতা করে বলেন, ‘আমারও তো এখান থেকে কিছু পাওয়া উচিত, তাই না?’

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আমার একটি ঘোষণা আছে—আমরা এটিকে ট্রাম্প প্রণালি বলেই ডাকব।’ ইরানের নেতৃত্ব এই নাম শুনে ‘দারুণ রোমাঞ্চিত’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়ছে। গত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ত্রাস হিসেবে রাজত্ব চালিয়ে আসছিল। তবে এখন তারা আর কোনোভাবেই সেই অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি।

Nagad
Nagad

ইরানের পারমাণবিক কর্মসূচি ও কথিত সন্দেহজনক তৎপরতার ওপর নজর রাখার কথা জানিয়ে ট্রাম্প সতর্ক করেন। তিনি বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় সামান্য কিছু চলাচলের খবর পাওয়া গেছে এবং সেখানে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে। ওই এলাকার সব খবরাখবর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, সেখানে কী ঘটছে, তা যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে। তাই ইরানকে কোনো ধরনের চালাকি বা বাড়াবাড়ি না করার পরামর্শ দেন তিনি। অন্যথায় যুক্তরাষ্ট্রকে চরম আঘাত হানতে বাধ্য হতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না।

উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর একটি শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে ওই সমঝোতার পরও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি