প্রকাশিত: ৩:৪৫ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। পরে ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি।
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে—পরিদর্শনের সময় এমন অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। এতে রোগীদের নিজেদের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। এরপরও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হলে বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সাখাওয়াত হোসেন বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব পরীক্ষা রয়েছে। রোগীদের কাগজপত্র পর্যালোচনা এবং তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে।
ডেঙ্গু চিকিৎসায় অগ্রাধিকার
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না।
রোগীদের অভিযোগ শুনলেন মন্ত্রী
সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় মন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।