Print

সারাদিন

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২

প্রকাশিত: ৮:৩১ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় বের করা ওই মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন সমকালকে বলেন, মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলটি স্থায়ী হয় মাত্র পৌনে এক মিনিট। এর মধ্যেই দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের রাবার বুলেটের আঘাতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওসি জানান, মিছিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এগিয়ে গেলে তারা ককটেল ছুড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. আরাফাত ও আব্দুর রহিম। পুলিশ জানিয়েছে, তাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিল করতে দেখা গেছে। ভিডিওতে তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

Nagad
Nagad