প্রকাশিত: ১০:০৭ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সমকালের বর্তমান অফিসপ্রধান সুমন চৌধুরী জানান, শুক্রবার পুলক চ্যাটার্জির স্ত্রী তাঁকে ফোন করে জানান, তাঁর স্বামী ফোন ধরছেন না। পরে সন্ধ্যায় তিনি সমকাল কার্যালয়ে গিয়ে দেখেন, অফিসের প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁর মরদেহ উদ্ধার করে।
সুমন চৌধুরী জানান, প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর পুলক চ্যাটার্জি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সংবাদকর্মী হিসেবে তিনি মাঝেমধ্যে সমকাল অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।
তিনি আরও জানান, পুলক চ্যাটার্জির অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে অফিসে প্রবেশের একটি চাবি দেওয়া হয়েছিল। শুক্রবার দিনের কোনো একসময় ওই চাবি দিয়ে তিনি অফিসে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় অফিসের পিয়ন দীপক ছুটিতে থাকায় কার্যালয়ে আর কেউ ছিলেন না।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।