প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ নামে দেশব্যাপী এ কর্মসূচি চলবে।
এর আগে গত বুধবার জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে যৌথ বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ডেঙ্গুর সবচেয়ে উদ্বেগজনক সময় সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর।
মীর শাহে আলম বলেন, এ পর্যন্ত যে সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে, আগামী তিন মাসে এর দ্বিগুণ রোগী হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ নামে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী জানান, প্রতি সপ্তাহের শনিবার সারা দেশে জাতীয়ভাবে বা সরকারি উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতিদিন সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে।