প্রকাশিত: ১২:৪১ অপরাহন, সেপ্টেম্বর ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি ও এর মধ্যবর্তী কৌশলগত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহনব্যবস্থায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের অন্যতম বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে।
হামলার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে দায়ী করা হয়নি। তবে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে মদিনার দক্ষিণে পাইপলাইনের একটি এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে এ ঘটনায় সৌদি আরবের তেল রপ্তানিতে কী ধরনের প্রভাব পড়েছে, তা জানানো হয়নি।
এদিকে বাগদাদ ও রিয়াদ—দুই পক্ষই জানিয়েছে, পাইপলাইনে ড্রোন হামলাটি ইরাক থেকে চালানো হয়েছে। ইরাকে ইরানপন্থি কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। হামলার ঘটনায় শনিবার ইরাকের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ এই পাইপলাইন
আরব উপদ্বীপের ওপর দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে ওই প্রণালিতে ট্যাংকার চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে এ পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৪০ লাখ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল। এটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ।
জ্বালানি সরবরাহে বাড়ছে চাপ
ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করার সময় এ হামলার ঘটনা ঘটল। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি হুথিদের তৎপরতায় আরব উপদ্বীপের দুই পাশেই জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।
ইয়েমেন সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালির কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে হুথিরা।
সৌদির সামরিক সহায়তা চাওয়া, ট্রাম্পের না
পাইপলাইন ও পেরিম দ্বীপে হামলার ঘটনায় যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সামরিক সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে সৌদি আরব। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
এর আগে শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছিল, সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ তিন দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বাব আল-মান্দেব দিয়ে চলাচলকারী জাহাজে হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলাও এর অন্যতম কারণ বলে উল্লেখ করেছে সংস্থাটি।