প্রকাশিত: ৫:১৮ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৬
সারাদিন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে। এসব বৈঠকের সিদ্ধান্ত অনেক সময় একেবারে শেষ মুহূর্তে হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর যাদের সঙ্গে দেখা বা বৈঠক হবে, তা জানানো হবে।
রোহিঙ্গা সংকট নিরসনেও এবারের সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথা রয়েছে। বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বড় গুরুত্ব পাবে।