প্রকাশিত: ৫:৫৮ অপরাহন, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সারাদিন ডেস্ক
সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথ অনুসরণ করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস দমন করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, চুয়াডাঙ্গায় পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে ইয়াবা পাচার করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ এ দেশে মাদকের আগ্রাসন চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির দিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান আইনমন্ত্রী।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সোমবার সকালে জেলা জজ আদালত মিলনায়তনে খুলনার বিচারকদের সঙ্গে পৃথক বৈঠক করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।