প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৬
নিজস্ব প্রতিনিধি:
ঢাকার ৩২টি কলেজের অংশগ্রহণে শুরু হয়েছে ‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্পোর্টস ফিল্ডে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইইউবি অফিস অব স্পোর্টসের তত্ত্বাবধানে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকার ৩২টি কলেজের ক্রিকেট দল অংশ নিচ্ছে।
আয়োজকেরা জানান, আন্তঃকলেজ এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের প্রতিভা ও দক্ষতা বিকাশের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশেও এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।