Print

সারাদিন

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে বসিলা সেতু সংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে চুল কাটাতে যান তিনি। এ সময় পূর্বশত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান।

সাকিবের দাবি, হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় থাকতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি অন্যতম। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আরমান শাহরুখ গ্রুপ ও পাটালি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। কিছুদিন আগে রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপের সদস্যরা আরমান শাহরুখ গ্রুপের শাহরুখকে কুপিয়ে আহত করেন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে শাহরুখকে গ্রেপ্তার করে র‍্যাব।

Nagad
Nagad

পুলিশের তথ্যমতে, রায়েরবাজার এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন। তার বিরুদ্ধে মোহাম্মদপুরসহ অন্যান্য থানায়ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।