প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৬
সারাদিন ডেস্ক
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে সিএনজির যাত্রী মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জোরে ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি সেটিতে ধাক্কা খেয়ে একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। এতে সিএনজিচালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় চারজন আহত হন। তাদের মধ্যে যাত্রী মোহর আলী ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।