প্রকাশিত: ১১:৫৭ অপরাহন, সেপ্টেম্বর ১৬, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীতে ‘দ্য ফ্ল্যাগশিপ অব দ্য ইন্ডাস্ট্রি। পিরিয়ড।’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নতুন প্রিমিয়াম বিজনেস ল্যাপটপ ‘আসুস এক্সপার্টবুক আল্ট্রা’ উন্মোচন করেছে আসুস বাংলাদেশ। পেশাজীবী, ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের কথা বিবেচনায় রেখে তৈরি এই ল্যাপটপে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নিরাপত্তাকে।
বাংলাদেশের বাজারে আসুস এক্সপার্টবুক আল্ট্রা ইন্টেল কোর আল্ট্রা ৫ ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর কনফিগারেশনে পাওয়া যাবে। ল্যাপটপটির দাম শুরু হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা থেকে।
পেশাজীবীদের জন্য কর্মক্ষমতা
আসুসের দাবি, এক্সপার্টবুক আল্ট্রা পেশাজীবীদের একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার এবং জটিল কাজ সহজে সম্পন্ন করতে সহায়তা করবে। সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের মাধ্যমে এতে এআই-নির্ভর কম্পিউটিং সুবিধা রয়েছে। দীর্ঘ সময় স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রাখতে ব্যবহার করা হয়েছে আসুসের তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি।
একই সঙ্গে ল্যাপটপটির হালকা নকশা বজায় রাখা হয়েছে, যাতে কর্মব্যস্ত পেশাজীবীদের দৈনন্দিন ব্যবহারে বহন করা সহজ হয়।
ওজন মাত্র ০.৯৯ কেজি
এক্সপার্টবুক আল্ট্রার ওজন প্রায় ০.৯৯ কেজি। ফলে নিয়মিত অফিস, সভা ও বিভিন্ন কর্মস্থলে যাতায়াতকারী ব্যবহারকারীরা সহজে এটি বহন করতে পারবেন।
ল্যাপটপটিতে রয়েছে প্রিমিয়াম ধাতব কাঠামো, যা হালকা ওজনের পাশাপাশি এক্সপার্টবুক সিরিজের স্থায়িত্ব নিশ্চিত করার কথা জানিয়েছে আসুস। এতে উচ্চ-রেজল্যুশনের ওলেড পর্দা রয়েছে। উজ্জ্বল রঙ ও স্পষ্ট ছবি প্রদানের ফলে প্রেজেন্টেশন, তথ্য উপস্থাপন এবং দৈনন্দিন কম্পিউটিংয়ে উন্নত দৃশ্যমান অভিজ্ঞতা পাওয়া যাবে।
এআই-ভিত্তিক বিভিন্ন সুবিধা
কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় এক্সপার্টবুক আল্ট্রায় যুক্ত করা হয়েছে বিভিন্ন এআই অ্যাপ্লিকেশন ও সুবিধা। এতে কাজের দক্ষতা বাড়ানোর টুলসের পাশাপাশি এআই-নির্ভর যোগাযোগ ও কর্মপ্রবাহের সুবিধা রয়েছে।
আসুসের ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক ব্যবহারের জন্য বিভিন্ন এআই-ভিত্তিক সমাধানও এতে যুক্ত করা হয়েছে, যা পেশাজীবীদের আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।
এন্টারপ্রাইজ পর্যায়ের নিরাপত্তা
প্রাতিষ্ঠানিক কাজে তথ্য সুরক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এক্সপার্টবুক আল্ট্রায় আসুসের বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তি ডিভাইস, তথ্য ও ফার্মওয়্যারকে বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষায় সহায়তা করবে।
আসুস এক্সপার্টগার্ডিয়ানসহ এন্টারপ্রাইজ পর্যায়ের বিভিন্ন নিরাপত্তা সুবিধার মাধ্যমে ল্যাপটপটিতে একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের জেনারেল ম্যানেজার রেক্স লি বলেন, ‘সত্যিকারের ফ্ল্যাগশিপ বিজনেস ল্যাপটপ কেমন হওয়া উচিত, এক্সপার্টবুক আল্ট্রা ল্যাপটপ সেটির উদাহরণ। আজকের পেশাজীবীরা একটি ডিভাইসে একইসাথে কর্মক্ষমতা, সহজ বহনযোগ্যতা, ডিজাইন এবং নিরাপত্তা চায়। এক্সপার্টবুক আল্ট্রার মাধ্যমে আমরা এই সমন্বিত অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে আসছি এবং প্রিমিয়াম বিজনেস কম্পিউটিংয়ের মানকে আরও এগিয়ে নিচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে আসুসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈশ্বিক পর্যায়ের কর্মকর্তারা এবং বাংলাদেশে আসুসের আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যবসায়িক অংশীদার, প্রাতিষ্ঠানিক গ্রাহক, চ্যানেল অংশীদার, গণমাধ্যমকর্মী, প্রযুক্তি প্রভাবক ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এক্সপার্টবুক আল্ট্রা সরাসরি দেখার পাশাপাশি এর বিভিন্ন সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান।
বাংলাদেশে আসুস অনুমোদিত ব্যবসায়িক ও খুচরা বিক্রয় অংশীদারদের মাধ্যমে এক্সপার্টবুক আল্ট্রা পাওয়া যাবে।