Print

সারাদিন

ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৭, ২০২৬

সারাদিন ডেস্ক

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীক যুক্ত করে মোট ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। তালিকায় স্থগিত প্রতীক হিসেবে ‘নৌকা’ও রাখা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে ইসি। এতে সই করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ২৫ অক্টোবর ১১৯টি প্রতীক নিয়ে গেজেট প্রকাশ করেছিল ইসি। নতুন গেজেটে ওই তালিকার সঙ্গে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে।

কোনো আসনে একক প্রার্থী থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকাতে ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধান রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানের ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করেছে। সংশোধিত বিধান অনুযায়ী, বিধির অন্যান্য শর্ত সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীক বাদে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

নতুন প্রতীক তালিকা

Nagad
Nagad

ইসির প্রকাশিত তালিকায় রয়েছে-আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চশমা, ঢাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, বালতি, বেবি টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও ‘না’।

ইসি তাদের ওয়েবসাইটেও নির্বাচন পরিচালনা বিধিমালা ও প্রতীকসংক্রান্ত নথি প্রকাশ করে থাকে।