প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। এতে মাদারগঞ্জ-কচাকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে প্রায় চার ঘণ্টা ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকেরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কচাকাটা থানার গাবতলা বাজারের সার ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে সকাল ৮টা থেকে সার বিতরণের সময় নির্ধারণ করা হয়। কৃষকেরা সকালে সেখানে গিয়ে জানতে পারেন, ভোরেই সার বিতরণ শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা গাছের গুঁড়ি ফেলে মাদারগঞ্জ-কচাকাটা সড়ক অবরোধ করেন।
এ সময় ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকেও ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে যান। তিনি কৃষকদের সঙ্গে কথা বলে দ্রুত সার দেওয়ার আশ্বাস দেন। পরে কৃষকেরা অবরোধ তুলে নেন এবং অবরুদ্ধ কৃষি কর্মকর্তাকে ছেড়ে দেন। পুলিশি নিরাপত্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে রফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে কৃষকরা অবরোধ করে রেখেছিল। গুদামে ৮০ বস্তা সার ছিল। পাঁচজন কৃষকের জন্য এক বস্তা করে সার দেওয়া হয়েছে। সার শেষ হলে বিতরণ শেষ হয়। কৃষকরা সার না পেয়ে সড়ক অবরোধ করেন এবং আমাকে গুদামে অবরুদ্ধ করে রাখেন।’
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাকেও উদ্ধার করা হয়েছে।’