Print

সারাদিন

ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তাঁর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় গৃহবধূর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখে ডাকাতরা। ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করে পরে আরও ২ লাখ টাকা দাবি এবং বিষয়টি প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় রাজিব (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ঘটনায় আরও চারজন জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) ওই বাড়িতে গিয়ে পানি চান। গৃহবধূর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

পরে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ঘরে প্রবেশ করে দলটি। তারা আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। এরপর গৃহবধূকে তাঁর ছেলের সামনে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় রাজিব মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, চলে যাওয়ার সময় অভিযুক্তরা তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা দেওয়ার দাবি করে। বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

Nagad
Nagad

শুক্রবার বেলা ৩টার দিকে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্জন এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অন্য চারজন পালিয়ে যান। গ্রেপ্তার এড়াতে রাজিব তাঁর মুঠোফোনটি পানিতে ফেলে দেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে ঘটনার ভিডিওসহ মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।