Print

সারাদিন

সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

প্রকাশিত: ৯:০৮ অপরাহন, সেপ্টেম্বর ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো-সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের পণ্য উৎপাদনকারীদের এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কোনো নিবন্ধিত ব্যক্তি উল্লেখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে, তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।

আদেশে আরও বলা হয়েছে, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করা নিয়ে এনবিআর এর আগে কোনো আদেশ জারি করে থাকলে, নতুন আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।

Nagad
Nagad

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এ আদেশে বর্ণিত খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।