প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ২১, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রো-গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য বাজারে এসেছে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইটের নতুন ২৭ ইঞ্চির গেমিং মনিটর জি২৭কিউ৩। এতে রয়েছে ৩০০ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। দ্রুতগতির গেমিংয়ে মসৃণ দৃশ্য ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে মনিটরটিতে এসব সুবিধা দেওয়া হয়েছে।
২৭ ইঞ্চির সুপার স্পিড আইপিএস প্যানেলের এই মনিটরে রয়েছে কিউএইচডি রেজোলিউশন, যা ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। নন-গ্লেয়ার ডিসপ্লে এবং ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল থাকায় বিভিন্ন দিক থেকে স্ক্রিন দেখার সুবিধা পাওয়া যায়।
মনিটরটিতে ৩০০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি ১ মিলিসেকেন্ডের জিটিজি রেসপন্স টাইম রয়েছে। ফলে দ্রুতগতির গেমে দৃশ্য পরিবর্তনের সময় মসৃণতা বজায় রাখতে সহায়তা করে।
রঙের ক্ষেত্রে মনিটরটি ১ দশমিক ০৭ বিলিয়ন রঙ সাপোর্ট করে। এতে রয়েছে ৯৮ শতাংশ ডিসিআই-পি৩ ও ১৪৫ শতাংশ এসআরজিবি রঙের পরিসর। পাশাপাশি এটি ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০ সনদপ্রাপ্ত।
গেমিংয়ের জন্য এতে রয়েছে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রযুক্তি। পাশাপাশি ব্ল্যাক ইকুয়ালাইজার, ক্রসহেয়ার ও টাইমারের মতো গেমিং সহায়ক সুবিধা এবং একই সঙ্গে একাধিক উৎসের ছবি দেখার পিকচার-বাই-পিকচার সুবিধা রয়েছে।
ডিজাইনের দিক থেকেও মনিটরটিতে রয়েছে আরজিবি এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং। পেছনের অংশে তিনটি মোড ও সাতটি রঙের আলো ব্যবহারের সুবিধা রয়েছে। পূর্ণাঙ্গ সমন্বয়যোগ্য স্ট্যান্ডের মাধ্যমে উচ্চতা, টিল্ট, সুইভেল ও পিভট পরিবর্তন করা যায়।
সংযোগের জন্য রয়েছে দুটি এইচডিএমআই ২.০ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং এয়ারফোন জ্যাক। গিগাবাইট কন্ট্রোল সেন্টার ও ওএসডি সাইডকিক সফটওয়্যারের মাধ্যমে মাউস ও কিবোর্ড ব্যবহার করেই মনিটরের বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যায়।
দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের ওপর চাপ কমাতে এতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও কম নীল আলোর ফিল্টার রয়েছে।
এ বিষয়ে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, গিগাবাইট জি২৭কিউ৩-এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো ২৭ ইঞ্চির কিউএইচডি রেজোলিউশনের সঙ্গে ৩০০ হার্টজ রিফ্রেশ রেটের সমন্বয়। এই সুবিধা মূলত দ্রুতগতির গেমিংয়ের জন্য তৈরি। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩০০ বার স্ক্রিন হালনাগাদ করতে পারে মনিটরটি। ফলে দ্রুতগতির শুটিং, রেসিং কিংবা প্রতিযোগিতামূলক গেমে মসৃণ দৃশ্যের অভিজ্ঞতা পাওয়া যায়।
তিনি বলেন, গিগাবাইট জি২৭কিউ৩ গেমিং মনিটরটির বাজারমূল্য ৩৮ হাজার টাকা। দেশের বিভিন্ন কম্পিউটার শপ ও অনুমোদিত ডিলারদের কাছে মনিটরটি পাওয়া যাচ্ছে।