প্রকাশিত: ১২:০৬ অপরাহন, সেপ্টেম্বর ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর কোর্টবিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।
আটকরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিস উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি ত্রুটিমুক্ত অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য ওই কার্যালয়ে দাখিল করেন। তবে রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন না করে সাব-রেজিস্ট্রার ও হেড ক্লার্ক চুক্তিপত্র দুটি আটকে রাখেন। পরে সেগুলো হস্তান্তরের বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়।
বিষয়টি জানিয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পাশাপাশি চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে লিখিত আবেদন দেন। অভিযোগের সত্যতা যাচাই করে দুদক একটি ফাঁদ অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়।
মঙ্গলবার অভিযান চলাকালে দাবিকৃত ঘুষের দুই লাখ টাকা গ্রহণের সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।