Print

সারাদিন

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

প্রকাশিত: ৯:৪১ অপরাহন, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সারাদিন ডেস্ক

নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষের এত দিনে বুঝে যাওয়ার কথা যে ইরানকে চাপ প্রয়োগ করে নতিস্বীকার করানো সম্ভব নয়। তার দাবি, ইরান ইতিহাসে কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি বা কোনো যুদ্ধের সূচনা করেনি; বরং শান্তির জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহী ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, বাড়তি চাপ ও ‘বুলিং’ নীতির মাধ্যমে ইরানি জনগণের প্রতিরোধ আরও বাড়বে। ইরান সমান মর্যাদার ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে শক্তি প্রয়োগ বা হুমকির ভাষা তেহরান গ্রহণ করবে না।

জাতিসংঘে দেওয়া ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান ‘মাথা নত করেনি’। একই সঙ্গে তিনি ইরানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেন, তার দেশ নিজেদের রক্ষা করেছে।

পেজেশকিয়ানের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।

Nagad
Nagad