Print

সারাদিন

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৭

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিদেশফেরত যাত্রীসহ সাতজন মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Nagad
Nagad

দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।