প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
উত্তর কোরিয়া চিরকাল পারমাণবিক অস্ত্র ধরে রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান জানানোর পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ অবস্থান জানাল পিয়ংইয়ং।
উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির নেতৃত্বও এর আগে একাধিকবার তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানোর পাশাপাশি শেষ পর্যন্ত কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে ধাপে ধাপে এগোনোর কথা বলেন। তিনি একই সঙ্গে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের স্থবির সংলাপ দ্রুত পুনরায় শুরুর আহ্বান জানান।
এর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, সব সময়ের জন্য পারমাণবিক অস্ত্র ধরে রাখার বিষয়ে তাদের রাষ্ট্রীয় অবস্থান অপরিবর্তনীয়। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থানও চিরস্থায়ী থাকবে বলে জানান তিনি।
চো সন হুই আরও বলেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের যে আহ্বান জানিয়েছে, পিয়ংইয়ং তা প্রত্যাখ্যান করছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্তকে পরিবর্তনযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।