প্রকাশিত: ৮:৫২ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়। তাকে ডিএমপি সদরদপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রাকিবুল ইসলামের কণ্ঠে বিভিন্ন বক্তব্য শোনা যায় বলে দাবি করা হয়। অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ এ ছাড়া ‘রাস্তার পুলিশ কত দুর্বল’ এবং ‘পুলিশ কিছুই করতে পারবে না’—এমন বক্তব্যও শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে অডিওটি ছড়িয়ে পড়ার পর রাকিবুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তিনি ওই বক্তব্য দেননি।
অডিওটি নিয়ে তদন্তে ডিএমপি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরে রাকিবুল ইসলামকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় এবং ওই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হলো।