প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠকে দুই দেশের শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের বিষয়টি উঠে আসে।