Print

সারাদিন

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মুক্তি

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। রাতভর খুঁটিতে বাঁধা থাকার পর শনিবার সকালে বাবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার ৯ বছরের মেয়ে। সঙ্গে নিয়ে আসে চা ও রুটি। পরে খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাওয়ায় শিশুটি।

ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার পাশে শিশুটি দাঁড়িয়ে আছে। একপর্যায়ে সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয় সে। এ সময় আশপাশে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, অনিকের বাড়ি বাজারের অদূরে কালিহাতি গ্রামে। শুক্রবার দিবাগত রাতে বামরাইল বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ।

সকালে বাবার আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার ৯ বছরের মেয়ে। বাবার কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সে জানতে চায়, তিনি ব্যথা পেয়েছেন কি না। পরে পাশের একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে এনে নিজ হাতে বাবাকে খাইয়ে দেয়। তখনও অনিকের হাত-পা খুঁটির সঙ্গে বাঁধা ছিল।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটির নিন্দা জানান। চুরির অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে আটকে রাখা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের সমালোচনা করেন অনেকে।

পুলিশের ভাষ্য, উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

Nagad
Nagad

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে মুক্ত করে দেন।

তিনি বলেন, ঘটনাটির বিস্তারিত জানতে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।