প্রকাশিত: ১১:০৫ অপরাহন, সেপ্টেম্বর ২৭, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর মিরপুরে ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজনীয় সংস্কার করে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। সোমবার থেকেই সংস্কারের কাজ শুরু করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও বন্ধ না থাকে, সে বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতা করবেন। শিশুদের টিকাদানসহ সব ধরনের সেবা দ্রুত স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।
ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এত বড় ধ্বংসযজ্ঞ দেখে তিনি অত্যন্ত মর্মাহত। রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
ঘটনায় পুলিশ প্রশাসনের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ওসি প্রত্যাহারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জায়গা নিয়ে কোনো আইনি দাবি থাকলে তা আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উত্থাপনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার অধিকার কারও নেই। জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন।
সরকার বা দল এ ঘটনায় বিব্রত কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, দলীয় নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ তাদের দলের নয় এবং দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তদন্তে কোনো দলীয় ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও ছাড় দেওয়া হবে না। পুলিশ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।