প্রকাশিত: ২:২৮ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টারের একটি কক্ষে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকাদান কার্যক্রম শুরু হয়।
এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশের পর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সেন্টারের গেট খুলে দেওয়া হয়। সেন্টারের সামনের অংশ ও ভেতরে পড়ে থাকা ইটপাথর ও ভাঙচুরের মালামাল সরিয়ে পরিষ্কার করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সেন্টারের সামনের গেট খোলা রয়েছে। ভেতরের ভাঙচুরের পর পড়ে থাকা মালামাল সরিয়ে ফেলা হয়েছে। একটি কক্ষে টিকাদান কার্যক্রম চলছে। অন্য কয়েকটি কক্ষে স্বাস্থ্যসেবা চালুর প্রস্তুতি হিসেবে টেবিল-চেয়ার বসানো হচ্ছে।
ছয় মাস বয়সী মেয়েকে টিকা দিতে নিয়ে আসা রেশমা বলেন, বাসার আশপাশের সবাই এই সেন্টার থেকেই টিকা নেন। মেয়েকে প্রথমবার টিকা দিতে নিয়ে এসেছেন তিনি।
নাতনিকে টিকা দিতে আসা লিলি বেগম বলেন, তাঁর ছেলেমেয়েরাও এই সেন্টার থেকে টিকা নিয়েছেন। নাতনিকেও আগে টিকা দেওয়া হয়েছে। এবারও তাকে টিকা দিতে নিয়ে এসেছেন।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশের পর সেন্টারের গেট খুলে দেওয়া হয়েছে। ভাঙচুরের মালামাল সরিয়ে ফেলায় সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।
হামলার ঘটনায় জড়িতদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, যারা গ্রেপ্তার হয়েছেন এবং যারা এ ঘটনায় জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিকে সোমবার সকাল থেকে রাড্ডা সেন্টার পরিদর্শনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রশাসনের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা দলীয় প্রভাব থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি জননিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও শক্ত অবস্থান দেখতে চান বলেও জানান তিনি।