Print

সারাদিন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ জন

প্রকাশিত: ৮:০৮ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে ১৩৬ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮০৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩২৩ জন, খুলনায় ২৬৭ জন, বরিশালে ২৫৪ জন, রাজশাহীতে ১৯৭ জন, ময়মনসিংহে ১১৫ জন এবং রংপুরে ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Nagad
Nagad