প্রকাশিত: ৮:৪৩ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ভ্রাতৃপ্রতিম সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
প্রতিনিধিদল সৌদি আরবে ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-কে কেন্দ্র করে সৃষ্ট বিশাল উন্নয়ন, ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড, অবকাঠামো নির্মাণ ও প্রচুর দক্ষ জনশক্তি চাহিদার ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি এই বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে প্রতিনিধিদলকে পরামর্শ দেন এবং পূর্ণ সহযোগিতায় আশ্বাস দেন।
সংগঠনটি জানায়, চেম্বারের ব্যবসায়ী ও উদ্যোক্তারা কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করে সৌদি আরবের পাঁচটি বড় শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর পরিচিতি, দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং ‘ব্রান্ডিং বাংলাদেশ’ প্রতিষ্ঠায় কাজ করছে।
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল সৌদি আরবের বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, মো. জান্নাতুল ফেরদৌস, এ বি এম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন এবং শামসুল আলম লিটন।