প্রকাশিত: ১:৫৪ অপরাহন, সেপ্টেম্বর ২৯, ২০২৬
সারাদিন ডেস্ক
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। পর্দায় তাদের জুটি যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি বাস্তব জীবনের রসায়নও প্রায়ই থাকে আলোচনায়। এবার স্বামীর জন্মদিনে আলিয়ার ভালোবাসার প্রকাশ নতুন করে মুগ্ধ করেছে তাদের ভক্তদের।
সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ দিনটিতে স্বামীর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি জন্মদিনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন আলিয়া ভাট।
আলিয়ার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। ছবিতে ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম মমতায় কোলে তুলে জড়িয়ে থাকতে দেখা যায় আলিয়াকে। কালো স্লিভলেস পোশাকে রণবীর আর লাল পোশাকে আলিয়া—দুজনের খুনসুটির মুহূর্তটিই ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবিগুলোর ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারকা দম্পতির এই মিষ্টি মুহূর্তের প্রশংসা করেন।
বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর ও আলিয়া। সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। পিরিয়ড ড্রামাভিত্তিক সিনেমাটির প্রচারণার কাজও চলছে।
২০২২ সালে বিয়ের পর এই তারকা দম্পতির সংসারে এসেছে মেয়ে রাহা। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তারা। রণবীরের ব্যস্ততা অবশ্য এখন আরও বেশি। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি বড় বাজেটের ‘রামায়ণ’ সিনেমাতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
সব ব্যস্ততার মাঝেও জন্মদিনে আলিয়ার কোলে রণবীরের হাসিমাখা ছবিটি তাদের ব্যক্তিগত জীবনের ভালোবাসার মুহূর্তটি ভক্তদের সামনে তুলে ধরেছে।