Print

সারাদিন

এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত সব আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৩৫ অপরাহন, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাব-ইনস্পেক্টর (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত সর্বশেষ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে মামলায় নাম থাকা ১৫ আসামির সবাই গ্রেপ্তার হলেন। এ নিয়ে সন্দেহভাজনসহ মামলায় মোট ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকা থেকে এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি মো. জিল্লুর রহমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসআই জাকির আল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় সর্বশেষ পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে এজাহারভুক্ত সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় সন্ত্রাসীদের পিটুনিতে নিহত হন এসবিতে কর্মরত এসআই আলতাফ হোসেন। ঘটনার পরদিন নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন দুজন বর্তমানে জামিনে রয়েছেন।

Nagad
Nagad