প্রকাশিত: ৭:৩১ অপরাহন, সেপ্টেম্বর ৩০, ২০২৬
সারাদিন ডেস্ক
ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে গত ৩০ জুলাই ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল লিটারপ্রতি ১০০ টাকা ৩৯ পয়সা। ফলে নতুন করে লিটারপ্রতি দাম বেড়েছে ৮ টাকা ৩৯ পয়সা।
বিইআরসি জানায়, ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড়, অপরিশোধিত তেলের এফওবি মূল্য, মার্কিন ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নির্ধারিত নতুন দাম বুধবার দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন এ দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।