Print

সারাদিন

পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্, অক্টোবর ১, ২০২৬

সারাদিন ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ সময় হ্যান্ডকাপ পরা অবস্থায় ওই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছে পুলিশ। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি পালিয়ে যান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারে বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন বলে অভিযোগ।

পুলিশের দাবি, হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে হ্যান্ডকাপ পরা অবস্থায় আবু ছিদ্দিক পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে আটক করেছে।

Nagad
Nagad

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।