Print

সারাদিন

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:১৬ অপরাহন, অক্টোবর ১, ২০২৬

সারাদিন ডেস্ক

ডিসেম্বর মাসে কোনো ‘অপশক্তি’ দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

আনসারের নতুন সদর দপ্তর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল পরিকল্পিত ও উপযুক্ত স্থানে একটি সদর দপ্তর স্থাপন করা। সেই লক্ষ্যেই গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেজগাঁওয়ে ৩ দশমিক ৪৫ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, এত বড় বাহিনীর জন্য খিলগাঁওয়ের বর্তমান জায়গায় সংকুলান হচ্ছে না। বড় পরিকল্পনার মাধ্যমে আনসারের সদর দপ্তর এখানে স্থানান্তর করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশে আনসার ব্যাটালিয়নের সদস্য প্রায় ২০ হাজার। অঙ্গীভূত আনসারের সদস্য প্রায় ৬০ হাজার। এর বাইরে ভিডিপির ৩৫ হাজার দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে।

Nagad
Nagad

তিনি বলেন, নিয়মিত ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনা ও মন্ত্রণালয়-অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করেন। তবে তাদের আবাসন সংকট রয়েছে। নতুন সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারীদের জন্য ডরমেটরি, ব্যারাকসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।

সমন্বিত অভিযান আরও জোরদার হবে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, বিজিবি, এসআরবি ও অন্যান্য বাহিনী থাকবে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ সবসময় থাকে উল্লেখ করে তিনি বলেন, চলমান কার্যক্রম সামনে আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের দায়িত্বে অবহেলার বিষয় নজরে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ঘটনায় তদন্তের ভিত্তিতে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে শুধু প্রত্যাহার নয়, অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হচ্ছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার ব্যাটালিয়নের সদস্যদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের চেষ্টা করছে সরকার। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির সদস্যরা আরও কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।