Print

সারাদিন

ডিজিটাল লেনদেনে নতুন প্ল্যাটফর্ম ‘জি পে’র যাত্রা শুরু

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্, অক্টোবর ২, ২০২৬

সারাদিন ডেস্ক

আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম ‘জি পে’।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জি পে’র উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড এই ডিজিটাল আর্থিক সেবা চালু করেছে। ‘জি পে’র মাধ্যমে টাকা স্থানান্তর, ডিজিটাল ওয়ালেটে টাকা যুক্ত করা, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের যাত্রার শুরু থেকেই প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকই সম্ভবত বাংলাদেশে প্রথম আর্থিক প্রতিষ্ঠান, যেটি হিসাব-নিকাশের জন্য গ্রামে কম্পিউটার নিয়ে গিয়েছিল। তিনি বলেন, গ্রামীণফোনের যাত্রাও শুরু হয়েছিল যোগাযোগপ্রযুক্তিকে গ্রামের সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ‘জি পে’ সেই প্রযুক্তিরই নতুন একটি সংস্করণ।

জি পের লক্ষ্য সম্পর্কে মুহাম্মদ ইউনূস বলেন, মানুষকে ভয় থেকে মুক্ত করা। মানুষকে আর নগদ টাকা বহন করতে হবে না। নোট বা কাগজের টাকা বহনের দুশ্চিন্তা থেকে মানুষ মুক্ত হবে।

Nagad
Nagad

জি পেকে সামাজিক ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসার মূল উদ্দেশ্য ব্যক্তিগত মুনাফা অর্জন না করে সামাজিক সমস্যার সমাধান করা। মানুষের কল্যাণ ও সমস্যার সমাধানের জন্যই জি পে প্রযুক্তি কাজ করবে।

‘জি পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ আরমান সিদ্দিকী বলেন, আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে তা সবার জন্য সহজ ও বোধগম্য করাই তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানটির প্রতিপাদ্য ‘জিপেতেই সমাধান’। এই সেবার মাধ্যমে প্রতিটি আর্থিক সমস্যার সমাধান এনে দেওয়াই তাদের মূল অঙ্গীকার।

অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আখতার হামিদ এবং সমাধান সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।