প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, অক্টোবর ৩, ২০২৬
সারাদিন ডেস্ক
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান সূচকসহ অন্যান্য সূচক কমার পাশাপাশি ডিএসইতে কমেছে বাজার মূলধন ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
পর্যালোচনা অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহটিতে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৮০টির কমেছে এবং ১৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।