প্রকাশিত: ৭:২৮ অপরাহন, অক্টোবর ৩, ২০২৬
সারাদিন ডেস্ক
পটুয়াখালীর বাউফলে ২৪ পিস ইয়াবাসহ অন্তর দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্তর দাস দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার জুয়েলারি পট্টি এলাকার কানাই দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অন্তর দাস বর্তমানে দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ ও ‘এশিয়ান টেলিভিশন’-এর দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বলেও জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পশ্চিম পাশে সড়কে অভিযান চালায়। এ সময় অন্তর দাসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ বাউফল থানায় হস্তান্তর করা হয়।
এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউই নয়।’
দশমিনা থানা সূত্রে জানা গেছে, এর আগে অন্তর দাসের বিরুদ্ধে দশমিনা থানায় দায়ের করা একটি চুরি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ইয়াবাসহ গ্রেপ্তার অন্তর দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’