Print

সারাদিন

আজ শুরু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল প্রতারণা

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্, অক্টোবর ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা ও সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে আজ ৪ অক্টোবর শুরু হচ্ছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর কার্যক্রম। বাংলাদেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে সপ্তাহটির উদ্বোধন হবে।

এবারের আয়োজনে ডিজিটাল প্রতারণা ও বিনিয়োগসংক্রান্ত ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। বৈশ্বিক প্রচারণার মূল স্লোগান—‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন।’

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা বাড়ানো, ডিজিটাল প্রতারণা শনাক্ত করার সক্ষমতা তৈরি, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং তথ্যনির্ভর বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা, বিনিয়োগকারীদের সুরক্ষা, ডিজিটাল প্রতারণা এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসবে। প্রতিপাদ্যের ওপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারসহ সরকারি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থা (আইওএসসিও)-এর উদ্যোগে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ বাংলাদেশে এবার দশমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ২০১৭ সালে আইওএসসিও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ চালু করে।

Nagad
Nagad

দেশব্যাপী বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদের আরও সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।