প্রকাশিত: ১২:০৪ অপরাহন, অক্টোবর ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দীর্ঘ ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হলে শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি পাওয়ার সুযোগ পাবেন। কলেজে ছুটির মেয়াদ আরও দীর্ঘ।
২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে।
এরপর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
কলেজে ছুটি আরও দীর্ঘ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের নির্ধারিত ছুটি রয়েছে। এ সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এই হিসাবের বাইরে।
ফলে কলেজে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে শিক্ষার্থীদের টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ তৈরি হবে।
অর্থাৎ, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটির সুযোগ থাকছে। আর কলেজে নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বিরতির সময় আরও বেশি হতে পারে।